
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলরত সদস্যরা তাৎক্ষণিকভাবে সেই চেষ্টা প্রতিহত করেন। পরে সীমান্তের শূন্যরেখা থেকে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এ সময় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করেন।
শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত দিয়ে অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে সীমান্তের নিরাপত্তা বাতি বন্ধ করে এ চেষ্টা চালানো হয়।
বিজিবি জানায়, দায়িত্বরত টহল দল সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে পুশইনের চেষ্টা প্রতিহত করে দেয়। পরে বিএসএফ তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এ সময় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও বিজিবিকে সহায়তা করেন।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে।