
চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড (আইইও) ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশের ৫ সদস্যের একটি শিক্ষার্থী দল নির্বাচিত হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহুস্তরের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন এ পাঁচ শিক্ষার্থী।
সোমবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, তরুণদের মধ্যে অর্থনীতি বিষয়ে জ্ঞানচর্চা, বিশ্লেষণী সক্ষমতা এবং নীতিনির্ধারণী চিন্তাভাবনা বিকাশে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য জাতীয় পর্যায়ে প্রতিভাবান শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো. মানসুরুল হক বলেন, আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী তরুণ অর্থনীতিবিদদের জন্য নিজেদের দক্ষতা ও চিন্তাশক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের মেধা, পরিশ্রম ও সৃজনশীল বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক জ্ঞান ও নীতিগত বিশ্লেষণ দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। তরুণ প্রজন্মকে অর্থনীতি বিষয়ে আগ্রহী করে তুলতে এবং বাস্তবমুখী অর্থনৈতিক সমস্যার সমাধান নিয়ে ভাবতে উৎসাহিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনের সুযোগ পাবে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তরুণদের সক্ষমতা ও সম্ভাবনাও তুলে ধরতে পারবে। তার মতে, এ ধরনের আয়োজন ভবিষ্যতের দক্ষ অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের হয়ে অংশ নেবেন ফারাবিদ বিন ফয়সাল, ফারিহা তাসনিম, জাইফ বিন মোর্শেদ, প্রান্ত ঘোষ ও ফাইয়াদ সালেহীন আহমেদ। আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক এ মঞ্চে শিক্ষার্থীরা দেশের জন্য গৌরবজনক সাফল্য বয়ে আনবেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক, অর্থনীতি–সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।