ট্রাম্পের হেলিকপ্টারে আকর্ষণীয় হকি খেলোয়াড়

ডেস্ক রিপোর্ট
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৩


ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফেরার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন গলফার ব্রাইসন ডি শ্যামবো ও কানাডার সাবেক হকি গোলকিপার মিকাইলা ডেমাইটার।
পরশু রাতে মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে দেখা যায় ডি শ্যামবো ও মিকাইলাকে। হোয়াইট হাউসে ফেরার পর মেরিন ওয়ান থেকে তাদের নামতেও দেখা যায়। হেলিকপ্টারের ভেতরে ট্রাম্পের পাশেও তাদের দেখা গেছে।
২৬ বছর বয়সী মিকাইলা ডেমাইটার কানাডার সাবেক হকি গোলকিপার। হকি ক্যারিয়ার অবশ্য দীর্ঘ হয়নি তার। মাত্র ১৯ বছর বয়সে চোটের কারণে খেলা ছেড়ে মডেলিংয়ে পা রাখেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ।
দুইবারের ইউএস ওপেনজয়ী ব্রাইসন ডি শ্যামবোকে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবেও দেখা হয়। ২০২৪ সালে ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার একটি ভিডিওও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
তবে ট্রাম্প কেন ক্যাম্প ডেভিড সফর এক দিন আগেই শেষ করে হোয়াইট হাউসে ফিরলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি হোয়াইট হাউস।
এর মধ্যেই মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে সম্ভাব্য পরিস্থিতির অবনতির বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করে। সতর্কতায় ওই অঞ্চলে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।