
সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের সাবেক সাতবারের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার সরমঙ্গল ইউনিয়ন বিএনপি আয়োজিত কল্যাণী স্কুল মাঠে আয়োজিত জনসভায় তার স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ফেসবুক পেজে দেওয়া পোস্টের মাধ্যমেও সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করেন নাছির চৌধুরী।
সন্ধ্যায় শাল্লা উপজেলার শ্যামারচর বাজারে ঐক্য ও সম্প্রীতির সমাবেশে বক্তব্য প্রদানকালে শিশির মনির বলেন, অতীতে যারা এই আসনে সংসদ সদস্য ছিলেন তাদের মধ্যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে। তিনি সংবিধান নিয়ে আলোচনা করতেন। আমরা হাইস্কুলে পড়ার সময় রেডিওতে তার বক্তব্য শুনতাম। তিনি যে ক্ষুরধার যুক্তি পার্লামেন্ট উপস্থাপন করতেন, সংবিধানের পক্ষে বিপক্ষে যে আলোচনা করতেন, সংবিধানকে সঠিকভাবে পার্লামেন্ট উপস্থান করে মাতিয়ে রাখতেন।
‘শিশির মনির মিডিয়া সেলের’ ফেসবুক পোস্টে লেখা হয়- দিরাই শাল্লা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বীর মুক্তিযোদ্ধা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের নবম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার আত্মার শান্তি কামনা করছি।
এদিকে ফেসবুক পেজে সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে পোস্ট দেন মো. নাছির চৌধুরী। সুরঞ্জিত সেনগুপ্তকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান উল্লেখ করে তাকে শ্রদ্ধায় স্মরণ ও তার আত্মার শান্তি কামনা করেছেন তিনি।
এ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সুরিঞ্জত সেনগুপ্তকে একবার হারিয়ে আলোচনায় আসেন নাছির চৌধুরী। এছাড়াও একাধিকবার তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই দুই মুক্তিযোদ্ধা। নাছির চৌধুরী ও সুরঞ্জিত সেন দুজনই ছাত্র রাজনীতিতে ছাত্র উইনিয়নের রাজনীতি করেছেন।