নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে

জামায়াত আমির
ডেস্ক রিপোর্ট
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৭

জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। পরিকল্পিতভাবে তাদের হক কেড়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ১০ থেকে ১২ হাজার ভোটের ব্যবধানে যেসব প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে, তা ইচ্ছাকৃত বলে তাদের কাছে স্পষ্ট। তার ভাষ্য, দু-একটি জায়গায় ফলাফল ঘোষণার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু স্পর্শকাতর আসনে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। যেখানেই যাচ্ছি, মানুষ বলছে আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।
তবে তিনি দাবি করেন, দলটির সংসদীয় রাজনীতির ইতিহাসে এবারই সবচেয়ে বড় সাফল্য এসেছে। তার মতে, এবারের নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে। প্রথমত, এই প্রথম দলটির নেতৃত্বে একটি অর্থবহ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। এর আগে তারা অন্যের নেতৃত্বে ঐক্যে ছিল। দ্বিতীয়ত, প্রথমবারের মতো তারা জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্ব পেয়েছে। তৃতীয়ত, ছয় শক্তির বিরুদ্ধে সমান্তরাল লড়াই করেও তারা টিকে আছে। যদিও তিনি ওই শক্তিগুলোর নাম উল্লেখ করেননি, তবে বলেন, সম্মিলিত শক্তির প্রকৃতি ও সক্ষমতা সম্পর্কে এখন তাদের পরিষ্কার ধারণা হয়েছে।
তিনি আরও বলেন, এই ছয় শক্তি অন্য কিছুর আশ্রয় না নিলে তাদের সঙ্গে পেরে উঠত না।
এ প্রসঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থাও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। ভবিষ্যতে আরও সংগঠিত কৌশল নির্ধারণ করে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন ছিল প্রথম লড়াই, দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে। একটি জায়গাও খালি রাখা যাবে না। যেসব ব্যক্তি ঝুঁকি নিয়ে দলকে সমর্থন দিয়েছেন, তাদের মধ্য থেকে ভালো মানুষ খুঁজে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে দায়িত্ব দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এজন্য দলকে আরও বিবেচনাশীল ও ত্যাগী হতে হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
সরকার জনগণের কল্যাণে কাজ করলে বিরোধী দল হিসেবে জামায়াত সহযোগিতা করবে বলেও জানান তিনি।