
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) বিপুল ভোটে জয়লাভ করেছে। কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। জামায়াত ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেল একটি পদেও জয় পায়নি। স্বতন্ত্র প্রার্থীরাও কোনো পদে বিজয়ী হননি।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. বোরহান উদ্দীন শুক্রবার রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন। সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন। তারা জামায়াত এনসিপি সমর্থিত প্রার্থী এস এম কামালউদ্দীন ও আবু বাক্কার সিদ্দিককে পরাজিত করেন।
অন্যান্য পদের বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ-সম্পাদক মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সেক্রেটারি মো. আবজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক)।
১০টি সদস্য পদের বিজয়ীরা হলেন- ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচ এম রেজাউল সাঈদ ও শওকত হোসেন।
এর আগে ২৯ ও ৩০ এপ্রিল সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৮৫ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ৭ হাজার ১৬৯ জন। অর্থাৎ ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি। অপরদিকে আওয়ামী পন্থি আইনজীবী প্যানেল ও দলটির সমর্থিত কিছু প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করতে চাইলেও তাদের মনোনয়নপত্র দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।