মাটিকাটাকে কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের নেতার দ্বন্দ্ব

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে হত্যা, সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
  ২১ মে ২০২৬, ১৩:৩৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে মাটিকাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ নিহতের স্বজন এবং বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন।
বুধবার (২০ মে) দিবাগত রাতে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভেকু দিয়ে মাটিকাটাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ওসমান গনির বিরোধ চলছিল। এরই জেরে রমজান আলীর লোকজন ওসমান গনির ওপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করে ও সড়কে আগুন জ্বালিয়ে  বিক্ষোভ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আলাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এখন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’