সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
  ২৩ মে ২০২৬, ২৩:৫০


অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের সই ছাড়াই জোর করে ফাইল অনুমোদন করেছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিযোগ করেন।
পিরোজপুরের অবকাঠামো উন্নয়ন ও দুর্নীতির বিষয়টি তদন্তে কমিটি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটা ফাইল নোটিশে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়েছেন, নিজে সই করে অনুমোদন দিয়েছেন। এটিও এই তদন্তের মধ্যে আসবে যেটি একদম রুলস অব প্রসিডিউর, রুলস অব বিজনেসের পরিপন্থি। 
কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতিরেকে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারেন না। এটি কখনোই আইনে রুলস অব প্রসিডিউরে এবং রুলস অব বিজনেসে নেই।
প্রতিমন্ত্রী জানান, পিরোজপুর জেলায় ১৮ মাস ধরে বন্ধ থাকা উন্নয়ন কর্মকাণ্ড পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
তিনি বলেন, একই সঙ্গে ১৫-১৭ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আর তদন্তে পিরোজপুরে এক ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে। 
বিগত সরকারের সময় কোনো বাস্তব কাজ সম্পন্ন না করেই শুধু ভুয়া বিল তৈরি করে ট্রেজারি থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।