
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় খোয়াই নদীর দুটি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে আশপাশের অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। একই সঙ্গে দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগও নেন।
জানা গেছে, সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ ও বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দেয়। পরে এ ভাঙা স্থানগুলো দিয়ে দ্রুত বেগে পানি প্রবেশ করে অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়। এ ঘটনায় স্থানীয়রা গবাদিপশুসহ মালামাল নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
এদিকে জেলার কুশিয়ারাসহ অন্যান্য নদীগুলোতেও পানি বিপদসীমা অতিক্রম করেছে। নদী তীরবর্তী এলাকা ও হাওরাঞ্চলের মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, এখন পর্যন্ত খোয়াই নদীর দুটি স্থান ভেঙে গেছে। আরও কয়েকটি স্থান ভাঙনের আশঙ্কা রয়েছে। তবে আর ভারী বৃষ্টিপাত না হলে নদীগুলোতে পানি কমে যাবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থানীয় লোকজনদের নিয়ে বস্তা দিয়ে মাটি ফেলে সংস্কার করা হচ্ছে। ভাঙা বাঁধ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।