
কক্সবাজার টেকনাফে সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি, পানিবন্দি হয়েছে শত শত পরিবার, নষ্ট হয়েছে অনেক ফসল, মানুষ কর্মস্থল বা অন্য কোনো কাজকর্ম করতে পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর থেকে পুরো টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কক্সবাজার-৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী বৃষ্টিতে ভিজে প্রতিটি পাড়া বা গ্রামে গিয়ে পানিবন্দি মানুষের খোঁজ নেন এবং নিজ হাতে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, হঠাৎ বৃষ্টির কারণে আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে এসেছি। পরে আপনাদের উন্নয়নের জন্য ধাপে ধাপে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে। তবে কেউ যেন অতি বৃষ্টিতে ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস বা অবস্থান না করেন সেই বিষয়ে স্থানীয়দের সতর্ক করেন এমপি শাহজাহান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমানসহ অনেকেই।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়াজুল ইসলাম জানান, অতি বৃষ্টির কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। গত ৮ দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে কোনো নৌযান চলাচল নেই। তবুও দ্বীপের বাসিন্দাদের জন্য সরকারে পক্ষ থেকে ৩ টন চালসহ বেশ কিছু ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।
টেকনাফ আবহাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টিতে প্রতিদিন ৯৫ থেকে ৯৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হচ্ছে।