
চট্টগ্রামে নগরীতে একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় এক হাজার ৩৫০টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ১২০টি বড় আকারের এবং এক হাজার ২৩০টি ছোট আকারের বুলেট রয়েছে। তবে উদ্ধার হওয়া বুলেটগুলো সামনের অংশ বলে জানিয়েছে পুলিশ। বুলেটগুলো পরীক্ষার জন্য রোববার বিশেষজ্ঞ টিমের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। বস্তাটি ভারি হওয়ায় তাদের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারি অস্ত্রে ব্যবহৃত হয় এবং ছোট বুলেটগুলো রাইফেল এবং এসএমজি জাতীয় অস্ত্রে ব্যবহার হয়ে থাকে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘একটি বুলেটের দুইটি অংশ থাকে। যেটি অস্ত্র থেকে বের হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে, সেটি সামনের অংশ এবং অপরটি খোশা। উদ্ধার হওয়া বুলেটগুলো মূলত সামনের অংশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। বুলেটগুলোর ধরন এবং ব্যবহৃত কিনা এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য রোববার বিশেষজ্ঞ টিম আসার কথা রয়েছে।’