সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন পুনর্বহাল

ডেস্ক রিপোর্ট
  ০৬ আগস্ট ২০২৬, ২৩:০০


সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইনকে পুনর্বহাল করেছে দল। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনায় নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে তাকে মহানগর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
দলীয় সিদ্ধান্তের মাধ্যমে প্রায় দুই বছর পর সভাপতি পদে ফিরলেন নাসিম হোসাইন। এর আগে ২০২৩ সালের ১০ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি এবং ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।