
সিলেট-সুনামগঞ্জ সড়কের একটি সিএনজি ফিলিং স্টেশন গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইন থাকা অবস্থায় বন্ধ করে দেয়। ওই ঘটনায় শ্রমিক ও চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট সুনামগঞ্জ সড়কের সুহিতপুর এলাকার গ্যাস পাম্প আলী সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
অবরোধের কারণে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে প্রায় ৭ কিলোমিটার সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
স্থানীয় চালকদের অভিযোগ, ছাতকের গোবিন্দগঞ্জসহ বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে প্রতিদিন দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস না দেওয়ার কারণে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে।
গ্যাস পাম্পের ভারপ্রাপ্ত ম্যানেজার লুৎফুর রহমান জানান, সরকারি নিয়ম মতো সন্ধ্যা ৬টায় বন্ধ করা হয় গ্যাস পাম্প। শ্রমিকরা গ্যাস না পেয়ে সিলেট সুনামঞ্জ সড়ক
অবরোধ করে। তবে গ্যাস সরবরাহে প্রকৃত সমস্যাটি কী, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানেন না তারা।
অবরোধের খবর পেয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বন্ধ থাকা গ্যাস পাম্পটি পুনরায় চালু করা হয়।
পাম্প চালুর প্রায় আধা ঘণ্টার মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দীর্ঘ সময় যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার সাধারণ যাত্রীদের।
চালক ও শ্রমিকরা দ্রুত গ্যাস সংকটের সমাধান এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।