
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীতে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জাহিদুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। অপর দিকে ঢাকার বাইরে ময়মনসিংহ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জে বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটান ঘটে।
এর আগে শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার পর রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তার আগে সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এতে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।
এছাড়া শনিবার সন্ধ্যা ও রাতে রাজধানীর মিরপুর, মধ্যবাড্ডা এবং দক্ষিণ কেরানীগঞ্জে তিনটি বাস ও একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপে কে বা কারা আগুন দেয়।
সেই সঙ্গে গত শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি এলাকায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট এলাকার বিস্ফোরণ রয়েছে। এছাড়া কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড
ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর মধ্যে শনিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এবং রাত সোয়া ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে বাসে আগুনের ঘটনা ঘটে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ব্যাপক ক্ষতি হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. হাবিজুর রহমান বলেন, রাত ১২ টা ১০ মিনিটে খবর আসে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় পলিটেকনিকের সামনে একটি বাসে আগুন লেগেছে।
খবর পেয়ে বাকৃবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ সম্পর্কে জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করেছে। অধিকতর তদন্তে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। তাদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
এদিকে রাজবাড়ি প্রতিনিধি জানান, দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা একটি লোকাল বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী মা ক্লাসিক পরিবহনের বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করাছিল।
রাত সোয়া ১টার দিকে বাসটিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
বাসটির অধিকাংশই পুড়ে গেছে জানিয়ে ওসি সফিকুল ইসলাম বলেন, বাসটির সিট ও ভেতরের ডেকোরেশন একেবারে পুড়ে গেছে। এটি বাসের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি অগ্নিসংযোগ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সিরাজগঞ্জ
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পার্ক করে রাখা ওই ট্রাকে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।শনিবার রাত ৯টার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে বাসস্ট্যান্ড এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, রাত ৯টার পর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।