আত্মহত্যায় প্ররোচনার মামলা

৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

ডেস্ক রিপোর্ট
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০


দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
আদালতের এক কর্মচারী দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে ওই দম্পতিকে আদালতে হাজির করে । শুনানি শেষে গাজী নজরুলের চার দিন ও মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা মাসুম বিল্লাহ মধ্যরাতে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।