
সৌদি আরবের রিয়াদে বাসাভাড়া ও রান্না নিয়ে কথা কাটাকাটির জেরে রুমমেটের ছুরির আঘাতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন বলে পরিবার জানতে পেরেছে।
নিহত মতিউর রহমান (২৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সৌদি আরবে যান। সাড়ে তিন মাস বয়সী এক সন্তান রয়েছে তার।
নিহতের ছোট ভাই সাইফুর রহমান বলেন, সোমবার রাতে রিয়াদের হারা এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্বজনের মাধ্যমে তারা এই খবর পান।
তিনি বলেন, “ঘুম ও রান্না নিয়ে কয়েকদিন ধরে রিয়াদের বাসার রুমমেটদের সঙ্গে মতিউরের ঝামেলা চলছিল। সোমবার কাজ শেষে ফেরার পর আবারও বাকবিতণ্ডা হলে একপর্যায়ে তরকারি কাটার ছুরি দিয়ে মতিউরকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তিনি অভিযোগ করেন, একই কক্ষে থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুই ভাই এই ঘটনার পেছনে দায়ী এবং ঘটনার পর রুমমেটরা পালিয়ে যান। পরবর্তীতে তাদের এক দুলাভাই কাজ শেষে এসে মরদেহ দেখে স্থানীয় পুলিশকে খবর দেন এবং থানায় অভিযোগ করেন।
নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন সাংবাদিকদের বলেন, “মতিউর রহমান শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। দুই-তিন দিন আগে রুমমেটদের সঙ্গে ঝামেলার বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।
“সোমবার থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে তার সঙ্গে একই কক্ষে থাকা গ্রামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে হত্যাকাণ্ডের বিষয়টি পরিবার জানতে পারে।”
কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি বলেন, “প্রবাসী যুবকের মৃত্যুর খবরটি মৌখিকভাবে শুনেছি। তবে এ ব্যাপারে নিহতের পরিবার থানায় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।”