
অ্যান্ড্রয়েডে যুক্ত হলো একগুচ্ছ নতুন ফিচার, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ, স্মার্ট ও সংযুক্ত করে তুলবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এই সুবিধাগুলো মেসেজ, লোকেশন শেয়ারিং, গেমিং ও অনলাইন শপিংকে আরও সহজ এবং সুবিধাজনক করবে। জেনে নেওয়া যাক নতুন চারটি মূল ফিচার।
১. সন্দেহজনক মেসেজ শনাক্তকরণ ও সতর্কবার্তা
গুগল মেসেজেসে যুক্ত হয়েছে এআই-চালিত স্ক্যাম ডিটেকশন, যা সন্দেহজনক মেসেজ আগেভাগে শনাক্ত করে সতর্কবার্তা পাঠাবে। প্রয়োজনে এক ক্লিকেই মেসেজ ব্লক বা রিপোর্ট করা যাবে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পুরোপুরি নিরাপদ থাকবে কারণ প্রক্রিয়াটি ডিভাইসের মধ্যেই সম্পন্ন হয়।
২. লাইভ লোকেশন শেয়ারিং
ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের মাধ্যমে এখন বন্ধু ও পরিবারের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করা যাবে। কারও নিরাপদে পৌঁছেছে কি না বা দেখা করতে যাওয়ার সময় এটি খুব কাজে আসবে। ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে কত সময়ের জন্য এবং কার সঙ্গে লোকেশন শেয়ার করা হবে, সঙ্গে নিয়মিত রিমাইন্ডারও থাকবে।
৩. গাড়ি পার্কের সময় গেম খেলার সুবিধা:
অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেমিং ফিচার যুক্ত হয়েছে। গাড়ি পার্ক করা থাকলে গাড়ির স্ক্রিনে জনপ্রিয় গেমগুলো খেলা যাবে, যা অপেক্ষার সময়কে বিনোদনময় করে তুলবে।
৪. স্মার্ট শপিং ইনসাইট
ক্রোম ব্রাউজারে যুক্ত হয়েছে নতুন শপিং ফিচার। পণ্যের দাম ইতিহাস দেখা, দাম কমার নোটিফিকেশন বা বিভিন্ন সাইটের দাম তুলনা করা সহজ হবে। ‘প্রাইস ইজ লো’ নোটিফিকেশন ব্যবহারকারীর সঠিক সময়ে সাশ্রয়ী কেনাকাটায় সাহায্য করবে।
সবমিলিয়ে, অ্যান্ড্রয়েডের এই নতুন ফিচারগুলো শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে নিরাপদ, সুবিধাজনক ও সংযুক্ত রাখার লক্ষ্যে তৈরি।
সূত্র: গুগল ব্লগ