গুগল থেকে অবসরের ঘোষণা ইন্টারনেটের জনক ভিন্ট সার্ফের

প্রযুক্তি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৬, ০০:০০

আধুনিক ডিজিটাল বিশ্বের রূপকার এবং ইন্টারনেটের অন্যতম অগ্রদূত ভিন্ট সার্ফ আগামী সপ্তাহে গুগলের ‘চিফ ইন্টারনেট ইভাঞ্জেলিস্ট’ (প্রধান ইন্টারনেট প্রচারক) পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছেন। এর মাধ্যমে প্রযুক্তি বিশ্বে এক যুগান্তকারী ক্যারিয়ারের অবসান ঘটতে যাচ্ছে। 
লাউড ইনস্টিটিউট আয়োজিত ‘ওপেন ফ্রন্টিয়ার’ কনফারেন্সে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে ভিন্ট সার্ফ নিজেই তার এই অবসরের ঘোষণা দেন। 
অনুষ্ঠান চলাকালীন ইউসি বার্কলের অধ্যাপক ডেভ প্যাটারসন কম্পিউটার বিজ্ঞানে সার্ফের সুদীর্ঘ ক্যারিয়ার এবং অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। 
সার্ফের অর্জনের স্বীকৃতি দিয়ে প্যাটারসন বলেন, ‘ভিন্ট ২০ বছরেরও বেশি সময় ধরে গুগলে কর্মরত আছেন এবং আজ থেকে ঠিক এক সপ্তাহ পর তিনি অবসরে যাচ্ছেন।’ 
তবে এ বিষয়ে মন্তব্য চেয়ে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
উল্লেখ্য, ৮৩ বছর বয়সি ভিন্ট সার্ফ এবং রবার্ট কান যৌথভাবে এমন কিছু নেটওয়ার্কিং প্রোটোকল তৈরি করেছিলেন, যা আজকের ইন্টারনেটের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। 
১৯৭০-এর দশকে শুরু হওয়া ‘টিসিপি/আইপি’ সংক্রান্ত তাদের এই গবেষণা মূলত বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক যোগাযোগের মৌলিক নিয়মাবলী বা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছিল। 
কাজের স্বীকৃতিস্বরূপ সার্ফ ক্যারিয়ারে একাধিক মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন, যার মধ্যে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ এবং কম্পিউটার বিজ্ঞানের নোবেল খ্যাত ‘টুরিং অ্যাওয়ার্ড’ অন্যতম। 
তিনি ২০০৫ সালে গুগলে যোগ দেন এবং দীর্ঘ সময় ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইন্টারনেট ইভাঞ্জেলিস্ট হিসেবে সেখানে দায়িত্ব পালন করেন। 
কনফারেন্সে বক্তব্য রাখার সময় ভিন্ট সার্ফ কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। তিনি জানান, প্রযুক্তির বাজারে ‘এআই এজেন্ট’-এর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে বিভিন্ন সিস্টেমের মধ্যে কার্যকর যোগাযোগের জন্য সাধারণ নীতিমালা ও উন্নত মানদণ্ড নির্ধারণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
তার মতে, ভিন্ন ভিন্ন উৎস থেকে আসা একাধিক এআই এজেন্ট যাতে একসঙ্গে সফলভাবে কাজ করতে পারে, সেজন্য ইন্টারঅপারেবিলিটি এবং প্রমিতকরণ আবশ্যক। 
অনুষ্ঠানের শেষভাগে অধ্যাপক প্যাটারসন ১৯৭০-এর দশকে সার্ফের সঙ্গে তার প্রথম দেখার স্মৃতি রোমন্থন করেন। সার্ফের চমৎকার ও মার্জিত পোশাকশৈলীর প্রশংসা করে তিনি রসিকতার ছলে বলেন, ভিন্ট সার্ফ হলেন তার দেখা এ যাবৎকালের সবচেয়ে সেরা পোশাকধারী কম্পিউটার বিজ্ঞানী। 

সূত্র: সামা টিভি