পাকিস্তানে শাটল ট্রেন বিস্ফোরণে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ মে ২০২৬, ১৩:৫৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে চামান ফটকের কাছে এই বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম।
রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি, আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে।
তবে বিস্ফোরণের ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পাকিস্তান রেলওয়ে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও একটি ত্রাণবাহী ট্রেন পাঠানো হয়েছে।
এআরওয়াই নিউজ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এটিকে পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করে চালানো ‘ফিদায়ী বা আত্মঘাতী’ হামলা বলে দাবি করেছে।
অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিস্ফোরণে দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে তারা জানায়, আশপাশের হাসপাতালগুলোতে ৩০ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে। যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তবে এখনো পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ হতাহতদের চূড়ান্ত সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।