নরেন্দ্র মোদি দেখতে ভদ্র হলেও বাস্তবে টোটাল কিলার: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  ১৮ জুন ২০২৬, ১৩:৫০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দেবদূতের মতো ভদ্র’ কিন্তু বাস্তবে ‘টোটাল কিলার’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, মোদিকে বাইরে থেকে যতটা ভদ্র ও শান্ত মনে হয়, বাস্তবে তিনি ততটাই কঠোর এবং দক্ষ দরকষাকষিকারী। তার ভাষায়, মোদি একজন ‘টোটাল কিলার’, যা তিনি রূপক অর্থে ব্যবহার করেছেন বলে জানা যায়।
দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প বলেন, ‘এই মানুষটিকে দেখুন। আমি আপনাদের একটি শিক্ষা দিই। তিনি সবচেয়ে সুন্দর চেহারার মানুষদের একজন। তাকে দেখতে এতটাই ভদ্র ও শান্ত লাগে, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি টোটাল কিলার। তবে তাকে দেখতে এত ভালো লাগে যে তিনি আপনাকে অবাক করে দেন। এমন মানুষ খুব কমই আছে।’
তিনি আরও বলেন, মোদি একজন ‘খুবই কঠিন’ নেতা এবং দক্ষ দরকষাকষিকারী। পাশাপাশি তিনি ভারতীয় জনগণ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের প্রতি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন সত্যিকারের বন্ধুকে পাবে। ভারতকে সবাই ভালোবাসে এবং এই নেতার প্রতি অসাধারণ শ্রদ্ধা রয়েছে।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং দুই দেশের সম্পর্ক নতুন গতি পাচ্ছে। তার দাবি, যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগ আসছে এবং বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম চলছে।
এ সময় তিনি ২০১৯ সালে হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ সমাবেশের কথাও উল্লেখ করেন এবং ভবিষ্যতে ভারত সফরের ইঙ্গিত দেন। অন্যদিকে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালির নিরাপদ ও উন্মুক্ত থাকা জরুরি বলে উল্লেখ করেন।
মোদি বলেন, ‘এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে। আমি বিশ্বাস করি, এটি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে।’ তিনি আরও বলেন, ভারত সবসময় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা উচিত।
সূত্র: এনডিটিভি