যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে সক্রিয় পাকিস্তান-কাতার, কূটনৈতিক তৎপরতা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ জুলাই ২০২৬, ২৩:৪৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিনের প্রাণঘাতী পালটাপালটি হামলার পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে। এ অবস্থায় দুই দেশকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান ও কাতার।
সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন এখনও কূটনৈতিকভাবেই সংকটের সমাধান চায়।
এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ, তবে কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
সাম্প্রতিক সামরিক সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।
তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও কাতারের কর্মকর্তারা ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছেন। তারা উভয় পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে আবার আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দোহার সঙ্গে সমন্বয় করে ইসলামাবাদ উত্তেজনা কমাতে এবং পরবর্তী দফার আলোচনা আয়োজনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
পাকিস্তানি সূত্রগুলোর মতে, সাম্প্রতিক সামরিক উত্তেজনা অপ্রত্যাশিত হলেও উভয় পক্ষই বুঝতে পারছে, পূর্ণমাত্রার যুদ্ধ কারও স্বার্থে নয়।
তাদের মতে, ভবিষ্যতে আবারও সংঘর্ষের আশঙ্কা থাকলেও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে ইসলামাবাদ আশাবাদী।
সর্বশেষ সংঘাত শুরুর আগে কয়েক সপ্তাহের মধ্যেই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পাকিস্তানেই পরবর্তী দফার আলোচনা আয়োজনের আশা করা হচ্ছে।
সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।
জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তাও দেয় তেহরান।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় মার্কিন হামলায় দেশটির পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন।

আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বাড়ছে
সর্বশেষ উত্তেজনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন সালমানের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকেই আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তার মতে, বিদ্যমান সমঝোতা বাস্তবায়ন করা গেলে এখনও দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের পথ তৈরি হতে পারে।

তথ্যসূত্র: সামা টিভি