নতুন হামলার জেরে হরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
  ২২ জুলাই ২০২৬, ০০:১৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর সতর্কতা বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পারাপার আরও কমে গেছে। জাহাজ চলাচলের সর্বশেষ তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) মোট চারটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যার বেশিরভাগই ছিল ইরানি রুটের। অথচ এর আগের দিনও এই সংখ্যা ছিল সাতটি।
এই চারটি জাহাজের মধ্যে দুটি ট্যাংকার প্রণালি থেকে বেরিয়েছে এবং অপর দুটি প্রবেশ করেছে।
প্রণালি থেকে বেরিয়ে যাওয়া দুটি জাহাজের মধ্যে একটি ছিল পেট্রোকেমিক্যাল বহনকারী ট্যাংকার এবং অন্যটি ছিল সম্পূর্ণ খালি।
অন্যদিকে, প্রবেশ করা দুটি জাহাজের মধ্যে একটি বিটুমিন ট্যাংকার এবং একটি তেলের ট্যাংকার ছিল।
সোমবার হরমুজ প্রণালি দিয়ে কোনো বিশাল আকৃতির অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি) বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকার পার হতে দেখা যায়নি।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা গোলা) আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তারা একাধিক রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছে।
এদিকে পৃথক এক বিবৃতিতে গ্রিক শিপিং কোম্পানি ডায়ানাকম ট্যাংকার্স জানিয়েছে, সোমবার ওমান উপকূল দিয়ে যাওয়ার সময় তাদের পরিচালিত দুটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত হেনেছে। এছাড়া, কৃষ্ণসাগরে রাশিয়ার নভোরোসিয়েস্ক সিপিসি টার্মিনালে তাদের তৃতীয় একটি ট্যাংকারে ড্রোন হামলা চালানো হয়েছে।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ