
টানা ভারী বৃষ্টি ও বন্যায় শ্রীলঙ্কায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা জানায়, বৈরি আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবারাগামুওয়া প্রদেশ এবং ক্যান্ডি ও নুয়ারা এলিয়া জেলা।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি বন্যার স্রোতে ভেসে গেছেন।
পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকটি এলাকায় ভূমিধসের সর্বোচ্চ (রেড) সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের সতর্কতাও বহাল রয়েছে।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, উত্তর-মধ্য, উত্তর-পশ্চিম, সাবারাগামুওয়া, মধ্য ও দক্ষিণ প্রদেশ এবং ত্রিনকোমালি জেলায়ও প্রবল বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিরূপ আবহাওয়ার কারণে পার্বত্য জেলা ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রীলঙ্কার সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু