
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং এর পূর্বাঞ্চলীয় শহর আল-খারজে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জারি করা বিশেষ সতর্কতা তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক বা অল-ক্লিয়ার ঘোষণা করেছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি। সম্প্রতি উপসাগরীয় দেশটিতে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলা বৃদ্ধির পটভূমিতে এই সতর্কতা জারি করা হয়েছিল। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির সাংবাদিকরা নিশ্চিত করেছেন। ইয়েমেনের ইরানপন্থী হুথিদের নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সৌদি কর্তৃপক্ষ একটি বিমান হামলার সতর্কতা জারি করার পরই এসব বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
প্রতিবেশী ইয়েমেনে গত জুলাই মাসে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম রিয়াদ সরাসরি এই সংঘাতের প্রভাবে প্রভাবিত হলো।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে হুথিদের এক সামরিক মুখপাত্র দাবি করেন, রাজধানী সানায় সৌদি সমর্থিত কিছু ‘অপরাধমূলক প্রচেষ্টা’ নস্যাৎ করে দিয়েছে তাদের বিদ্রোহী গোষ্ঠীটি। একইসঙ্গে এসব তৎপরতার উপযুক্ত জবাব দেওয়ার বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।