
রাশিয়ার মস্কো অঞ্চলে রাতভর ইউক্রেইনের ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ।]
২৪৯টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়ে ভোরোবিয়ভ বলেন, হামলায় কয়েকটি বাড়ি এবং স্থানীয় একটি গুদামে আগুন ধরে যায়। রাজধানী মস্কোতে একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়। দুটি বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ জারি করা হয়।
এর আগে ইউক্রেইনের এক কর্মকর্তা জানিয়েছিলেন, শনিবার কিইভ ও সুমি অঞ্চলে রাশিয়ার হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন।
বিবিসি লিখেছে, রাশিয়া ও ইউক্রেইন—উভয় দেশই সম্প্রতি তাদের হামলা জোরদার করেছে। এসব হামলায় বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ লজিস্টিকস কেন্দ্রগুলোকে নিশানা করা হচ্ছে।
ভোরোবিয়ভ রোববার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, সোফিনোতে একটি তিনতলা আবাসিক ভবনে ড্রোন আঘাত হানার পর ৪৪ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়। আহত হন পাঁচজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
আঞ্চলিক গভর্নর জানান, ওরেখোভো-জুয়েভো জেলায় একটি বাড়িতে ড্রোন আঘাত হানার পর এক বয়স্ক ব্যক্তি নিহত হন।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, মস্কো অঞ্চলে রাতের আকাশে বিস্ফোরণ ঘটছে, আগুন জ্বলতে দেখা যাচ্ছে একটি গুদামে।
এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীর একটি প্রশস্ত সড়কের কাছে একটি ভবনে ড্রোন আঘাত করেছে এবং একটি তেল শোধনাগারের এক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি এর আগে বলেছিলেন, মস্কোর দিকে আসা ১৫২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
বিবিসি লিখেছে, মস্কোর সবচেয়ে বড় বিমানবন্দর শেরেমেতিয়েভো যাত্রীদের ‘সাময়িক বিধিনিষেধ’ চালু থাকার বিষয়ে সতর্ক করেছিল। আর রাজধানীর ভনুকোভো বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল।
এদিকে ইউক্রেইনের কিইভ অঞ্চলের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, শনিবার রাশিয়ার হামলায় ফাস্তিভ শহরে এক মা ও তার অল্প বয়সি এক ছেলে ও এক মেয়ে নিহত হয়েছে। কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের শীর্ষ কর্মকর্তা ওলেহ হ্রিহোরভ জানিয়েছেন, চলন্ত গাড়িতে একটি রুশ ড্রোনের আঘাতে চারজন নিহত হয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলে আসছে।