
ভ্যাটিকান জানিয়েছে, পোপ লিওর ডান ফুসফুসের একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর তার ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়েছে। ৭১ বছর বয়সী পোপের জন্য এটি বড় ধরনের স্বাস্থ্যগত ধাক্কা। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার প্রকাশিত এক চিকিৎসা বুলেটিনে বলা হয়, পোপ লিও ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমায় আক্রান্ত। এটি ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের সময় সংগ্রহ করা টিস্যুর পরীক্ষায় ক্যানসারের বিষয়টি নিশ্চিত হয়েছে। এর আগে বিভিন্ন পরীক্ষার ভিত্তিতে চিকিৎসকেরা এ রোগের সন্দেহ করেছিলেন।
সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার ফুসফুসে একটি অস্বাভাবিক বৃদ্ধি শনাক্ত হয়। সেটি অপসারণের জন্য মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন পোপ।
পোপের প্রধান শল্যচিকিৎসক ডা. স্তেফানো মার্গারিতোরা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. লুইজি কারবোনে জানান, প্রায় ৯০ মিনিট ধরে অস্ত্রোপচার চলে। এতে কোনো জটিলতা দেখা দেয়নি এবং অস্ত্রোপচার সফল হয়েছে।
চিকিৎসকেরা বলেন, ক্যানসার নিরাময়ের লক্ষ্যে ভিডিও-সহায়তাপ্রযুক্তি ব্যবহার করে পোপের ডান ফুসফুসের নিচের খণ্ডটি অপসারণ করা হয়েছে। মানুষের ফুসফুসে মোট পাঁচটি খণ্ড থাকে ডান ফুসফুসে তিনটি এবং বাঁ ফুসফুসে দুটি।
চিকিৎসাবিশেষজ্ঞদের মতে, পোপের রোগের ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে ক্যানসারের টিউমারের আকার এবং তা লসিকাগ্রন্থিতে ছড়িয়েছে কি না, তা জানা জরুরি। তবে ভ্যাটিকান এখনো এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ ও মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালের হেমাটোলজি-অনকোলজি বিভাগের প্রধান ডা. স্টিফেন লিউ বলেন, রোগ শনাক্ত হলেও ক্যানসারের পর্যায় এখনো জানা যায়নি। চিকিৎসা ও রোগের সম্ভাব্য পরিণতি নির্ধারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, টিউমার ছোট হলে এবং লসিকাগ্রন্থিতে ক্যানসার না ছড়ালে অস্ত্রোপচারের মাধ্যমেই রোগটি নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী পরীক্ষায় ক্যানসারের বিস্তার বেশি পাওয়া গেলে রোগের পূর্বাভাস তুলনামূলক খারাপ হতে পারে।
অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান এবং পরে হাসপাতালের কক্ষে ফিরে বিশ্রাম নেন বলে চিকিৎসা বুলেটিনে জানানো হয়েছে।
ভ্যাটিকান জানিয়েছে, পোপের প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার কথা রয়েছে। তার ২০ অক্টোবর পর্যন্ত সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার কিছু আগে ভ্যাটিকান থেকে হাসপাতালে যাওয়ার উদ্দেশে রওনা হন তিনি। কালো একটি গাড়ির পেছনের আসন থেকে তাকে উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। তার গাড়িবহর ভ্যাটিকান থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরে জেমেলি হাসপাতালে পৌঁছায়।
হাসপাতালে পৌঁছে পোপ কয়েকজন কর্মকর্তার সঙ্গে করমর্দন করেন। পরে শুভাকাঙ্ক্ষীদের সামনে দিয়ে হেঁটে মূল প্রবেশপথে যান। সেখানে উপস্থিত কয়েকজন তাকে ইতালীয় ভাষায় শুভকামনা জানান।
২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের কার্ডিনালদের ভোটে পোপ নির্বাচিত হন লিও। তার জন্ম ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে; তার আগের নাম রবার্ট প্রেভোস্ট। পেরুতে দীর্ঘদিন ধর্মপ্রচারক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
৭১ বছর বয়সী লিও গির্জার নেতাদের তুলনায় অপেক্ষাকৃত তরুণ। তিনি টেনিসসহ বিভিন্ন খেলাধুলা পছন্দ করেন। তার ধূমপানের অভ্যাস বা সাম্প্রতিক কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার তথ্যও জানা যায়নি।