
মুখোশ
সুজল মুশফিক
মুখের উপর মুখোশ থাকে,
মিথ্যে ছবির আয়না;
যতই তুমি মানুষ চিনো,
অমানুষ চেনা যায় না।
সঙ্গদোষে নষ্ট হয়ে
বিবেক আর জাগ্রত হয় না;
দুষ্ট লোকের মিষ্টি কথায়
সম্ভ্রম হারায় ময়না।
বাতাসে আজ ধুলো নেই,
সাগরেও আর ঢেউ বয় না;
চারপাশ জুড়ে পোড়া গন্ধ,
স্বপ্ন কোন রয় না ।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি,
কেউ তো আর সয় না;
স্বার্থের এই অন্ধ শহরে
সত্যি মানুষ চেনা যায় না।
লোভের আগুন জ্বলে মনে,
মানবতা আর কয় না;
সত্য খুঁজে ফিরলে শেষে,
সত্যও ধরা দেয় না।
স্বার্থের কাছে নত হয়ে
কেউ তো কথা কয় না;
আয়নাতে মুখ দেখা গেলেও
মনটা দেখা যায় না।
সময় শেষে এপার-ওপার,
প্রিয় মানুষ রয় না;
তুমি-আমি সবই মিছে,
মিথ্যে শুধু বায়না।