
চীনে আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিএমজি (চায়না মিডিয়া গ্রুপ)-এর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
আজ (শুক্রবার) রয়টার্সের বরাতে বলা হয়, টুর্নামেন্ট শুরুর এক মাসেরও কম সময় আগে এই চুক্তি চূড়ান্ত হয়। তবে চুক্তির আর্থিক মূল্য বা এটি ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপকেও অন্তর্ভুক্ত করছে কি না—সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে চীনের সম্প্রচার স্বত্ব ছিল সিসিটিভির কাছে। তারা সাধারণত টুর্নামেন্ট শুরুর আগেই প্রচারণা ও বিজ্ঞাপন কার্যক্রম শুরু করত। তবে এবার সিসিটিভি এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।
ফিফা আগে জানিয়েছিল, বিশ্বজুড়ে প্রায় ১৭৫টি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে, কিন্তু চীন ও ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে স্বত্ব নিয়ে জটিলতা রয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রম সম্প্রতি বেইজিং সফর করেন এবং চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসেন, যেখানে সিএমজি–এর সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
রয়টার্স আরও জানায়, অতীতে চীনে বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে মোবাইল স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগুকেও সাব-লাইসেন্স দেওয়া হয়েছিল, যা ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ দেখানোর ক্ষেত্রে নতুন ধারা তৈরি করেছিল। তবে এবারের চুক্তির বিস্তারিত কাঠামো এখনো প্রকাশ করা হয়নি।