
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তি ঠিকই ব্রাজিলের চূড়ান্ত দলে তাকে রেখেছেন। ইতালিয়ান কোচ যখন নেইমারের নাম ঘোষণা করেন, তখন উপস্থিত জনতা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে।
ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল নেইমারের নাম উচ্চারণ। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমরা বছরজুড়েই নেইমারকে পর্যবেক্ষণ করেছি। গত বছর সে ধারাবাহিকভাবে খেলেছে এবং বর্তমানে বেশ ভালো শারীরিক অবস্থায় রয়েছে। এই বিশ্বকাপের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে দলে তার ভূমিকা এবং দায়িত্ব বাকি ২৫ জন খেলোয়াড়ের মতোই সমান। সে মূল একাদশে খেলুক কিংবা বেঞ্চে। আমরা মূলত তার ফিটনেস যাচাই করেছি। কারণ নেইমারের মূল সমস্যাটা ছিল শারীরিক।’
আনচেলত্তি আরও যোগ করেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে সে নিয়মিত খেলেছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নিজের ফিটনেস আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। এই ধরনের বড় টুর্নামেন্টে নেইমারের অভিজ্ঞতা এবং দলের প্রতি তার ভালোবাসা স্কোয়াডের ভেতরে একটি দারুণ পরিবেশ তৈরি করবে, যা দলের সেরা পারফরম্যান্স বের করে আনতে সাহায্য করবে।’