নিষিদ্ধ হলো দুই কর্মকর্তা, কারণ ‘গোপন’ রেখেছে ফিফা

স্পোর্টস ডেস্ক
  ০৮ জুলাই ২০২৬, ২৩:৪৩

শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে নামার আগে লাল কার্ড নিয়ে বড় বিতর্কের মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। ফিফার বিরুদ্ধে উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগ। তবে ওই ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের দুজন ম্যাচ অফিশিয়ালকে নিষিদ্ধ করে ফিফা।
নিষিদ্ধ হওয়া দুই কর্মকর্তার একজন ছিলেন যুক্তরাষ্ট্র দলের টিম ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহ-সভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল। 
তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইলের তথ্য অনুযায়ী, রাউন্ড অব ৩২-এ বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে ফিফার ম্যাচ-সংক্রান্ত প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়নি। 
অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি এমন নির্ধারিত এলাকায় প্রবেশ করেছিলেন যেখানে তাদের থাকার অনুমতি ছিল না। তবে ঘটনাটিতে কোনো ধরনের শারীরিক সংঘর্ষ বা হাতাহাতির ঘটনা ঘটেনি।
ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার সঙ্গে ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্পর্ক ছিল না। তবে শাস্তির কারণ সম্পর্কে তারাও বিস্তারিত কিছু জানায়নি।
স্যাম জাপাটকা ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রশাসনিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৫ সাল থেকে তিনি ইউএস সকার ফেডারেশনের বিভিন্ন দায়িত্বে ছিলেন।