পিকফোর্ডের বোতলে ‘পেনাল্টি নোট’, মেসিকে নিয়ে ছিল যে নির্দেশনা

স্পোর্টস ডেস্ক
  ১৭ জুলাই ২০২৬, ০১:১৯

নাটকীয় জয়ে চলতি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর যখন পুরো আর্জেন্টাইন শিবির উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই ক্যামেরাবন্দি হলো মাঠের এক অদ্ভুত দৃশ্য। ম্যাচশেষে মাঠের ভেতরেই ফুটবলীয় আবহের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক বিষয়ে মজে থাকতে দেখা গেল লিওনেল মেসিদের। 
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ফেলে যাওয়া পানির বোতলে চোখ আটকে গেছে আর্জেন্টাইন অধিনায়কের। 
পেনাল্টি শুটআউটের প্রস্তুতি হিসেবে পানির বোতলে প্রতিপক্ষের পেনাল্টি নেওয়ার ধরন লিখে রাখা ফুটবলে খুবই সাধারণ একটি কৌশল। তবে পিকফোর্ডের বোতলে থাকা আর্জেন্টাইন খেলোয়াড়দের পেনাল্টি নেওয়ার চুলচেরা বিশ্লেষণ এবং ইন-ডেপথ গাইডলাইন দেখে বেশ কৌতূহলী হয়ে ওঠেন মেসি। 
ভিডিওতে দেখা যায়, সতীর্থ নিকো গঞ্জালেস বোতলটি মেসির চোখের সামনে ধরে আছেন এবং মেসি মনোযোগ দিয়ে সেখানে লেখা ‘পেনাল্টি নোটস’ পড়ার চেষ্টা করছেন। বোতলে স্বয়ং মেসির নামের পাশে নির্দেশনা দেওয়া ছিল— মেসি শট নেওয়ার সময় যেন পিকফোর্ড বাঁ দিকে পজিশন নিয়ে ডান দিকে ডাইভ দেন। 
নিজেদের নাম ও পেনাল্টি ঠেকানোর এমন সব নিখুঁত ছক বোতলের গায়ে লেখা দেখে হাসতে দেখা যায় মেসি, ওতামেন্দি, নিকো গঞ্জালেসদের। ম্যাচটি পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ালে হয়তো পিকফোর্ডের এই বোতলই হতে পারত ইংল্যান্ডের তুরুপের তাস, কিন্তু মেসি-জাদুতে ৯০ মিনিটের ভেতরেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আর্জেন্টাইনদের কাছে তা শেষ পর্যন্ত নিছক হাসির খোরাক হয়েই রইল।