জুয়ার টেবিলে উচ্ছ্বসিত নেইমার, বললেন ‘জীবন একটা কৌতুক’

স্পোর্টস ডেস্ক
  ২৩ জুলাই ২০২৬, ২০:২৯

ভেনেজুয়েলার বিপক্ষে সান্তোসের ম্যাচে বিশ্রামে থাকলেও অবসর সময়টা পোকার টেবিলেই কাটিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে দেখা গেছে সাও পাওলোতে অনুষ্ঠিত ব্রাজিলিয়ান সিরিজ অব পোকার (বিএসওপি) উইন্টার টুর্নামেন্টে। সামাজিকমাধ্যমে প্রতিযোগিতার কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘লাইফ ইজ এ জোক’—বাংলায় যার অর্থ, ‘জীবন একটা কৌতুক’।
প্রকাশিত ছবিগুলোতে নেইমারকে অন্যান্য প্রতিযোগীর সঙ্গে হাসিখুশি ও প্রাণবন্ত পরিবেশে সময় কাটাতে দেখা যায়। তার এই সংক্ষিপ্ত বার্তাই ভক্তদের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
২০২৬ ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের চতুর্থ ধাপ হিসেবে আয়োজিত এই টুর্নামেন্ট সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।   
পোকার টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ অবশ্য নতুন কিছু নয়। ২০২৫ সালে একই আসরে তিনি ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম স্থান অর্জন করেছিলেন। সেই পারফরম্যান্সের জন্য পুরস্কার হিসেবে পেয়েছিলেন ৫৩ হাজার ৫০০ ব্রাজিলিয়ান রিয়াল।
অন্যদিকে, সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছে শারীরিক অবস্থা বিবেচনায়। বর্তমানে ক্লাবের অনুশীলন কেন্দ্রে বিশেষ ফিটনেস কর্মসূচির অধীনে কাজ করছেন নেইমার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শনিবার ব্রাজিলিয়ান লিগে শ্যাপেকোয়েন্সের বিপক্ষে ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাঠে নামতে পারেন তিনি।