ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প ও মেলানিয়া

ডেস্ক রিপোর্ট
  ২০ মার্চ ২০২৬, ১৭:০১


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম আমেরিকানদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ শুভেচ্ছা জানিয়েছেন। 
বিবৃতিতে ট্রাম্প বলেন, ঈদুল ফিতর উদযাপনকারী প্রত্যেক আমেরিকানকে ফার্স্ট লেডি এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদুল ফিতর, যা রোজা ভাঙার উৎসব হিসেবেও পরিচিত, রমজান শেষে মুসলিম পরিবার, বন্ধু ও কমিউনিটিকে তাদের আধ্যাত্মিক সাধনার সম্মানে একত্রিত করে। এটি একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতার সেই মৌলিক আমেরিকান নীতিরও স্মারক, যার জন্য আমার প্রশাসন প্রতিদিন কাজ করে যাচ্ছে।’ 
প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বলেন, ‘যারা এই পবিত্র উৎসব উদযাপন করছেন, তাদের সবাইকে জানাই একটি বরকতময় ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।’
শুক্রবার যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপিত হয়। মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা কাউন্সিল অন আমেরিকান রিলেশন্স জানিয়েছে, দেশটিকে এবার সাড়ে ৩ হাজার মসজিদের ব্যবস্থাপনায় খোলামাঠ, হোটেলের বলরুম এবং মসজিদের ভেতরে ৫ হাজারের বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন মেট্রো এলাকা, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, কানেটিকাট, অ্যারিজোনা, মিনেসোটা স্টেটে বাংলাদেশিদের পরিচালিত তিন শতাধিক মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়।।