যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী তেলের দাম, বাড়ছে অসন্তোষ

ডেস্ক রিপোর্ট
  ২২ জুলাই ২০২৬, ২২:৩৪


মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার চাপ পড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। দেশটির পেট্রোলের দাম আবারও গড়ে প্রতি গ্যালন (প্রায় ৩.৮ লিটার) ৪ ডলারে পৌঁছেছে। যা নিয়ে দেশজুড়ে নাগরিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ‘AAA মোটর ক্লাবের’ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশব্যাপী পেট্রোলের গড় মূল্য প্রতি গ্যালনে ৪ ডলারে দাঁড়িয়েছে। অথচ গত বছরের একই সময়ে এই গড় দাম ছিল ৩.১৪ ডলার।
জাতীয় গড় ৪ ডলারে পৌঁছানো মানে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে চালকদের ইতোমধ্যেই প্রতি গ্যালনের জন্য ৪ ডলারেরও বেশি পরিশোধ করতে হচ্ছে। স্থানীয় জ্বালানি সরবরাহ ও অঙ্গরাজ্যভিত্তিক করের কারণে অঞ্চলভেদে দামে পার্থক্য রয়েছে।
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ প্রতি গ্যালন ৪.৫০ ডলারের বেশি উঠেছিল। পরে চলতি মাসের শুরুতে তা কমে ৩.৭৯ ডলারে নেমে এলেও নতুন করে আবার ৪ ডলারে পৌঁছেছে।