ঠাকুরগাঁওয়ে নাগর নদী দিয়ে পুশ-ইনের চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

ডেস্ক রিপোর্ট
  ০৩ জুন ২০২৬, ২০:৩৮


ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, নারী ও শিশুদের জোরপূর্বক নাগর নদী পার করে পুশব্যাকের চেষ্টা করা হলে যেকোনো সময় নদীতে ডুবে প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, সীমান্ত পার হওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে বর্তমানে শতাধিক বাংলাভাষী নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছে।  ভৌগোলিক কারণে হরিপুর ও পীরগঞ্জ সীমান্তের একটি বড় অংশজুড়ে রয়েছে নাগর নদী। বর্তমানে পুশব্যাকের জন্য অপেক্ষমাণ এসব মানুষের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক বলে জানা গেছে।
সীমান্তে সম্ভাব্য পুশ-ইনের খবরে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি জোরদার করেছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশব্যাকের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।