
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস। এখানেই রাজনৈতিক পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা এবং মুখামুখি অবস্থানের ঘটনা ঘটে। পরে পুলিশের শক্ত অবস্থানের কারনে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই নানান প্রস্তুতি নিতে থাকে। তারা তারেক রহমানের সরকারকে অবৈধ উল্লেখ করে নানান কর্মসূচি পালন করছেন।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও তাদের প্রিয় নেতাকে বরন করতে সাংগঠনিক প্রস্তুতির বাইরে ব্যানারে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার উদ্যোগ নেয়। তবে সেসব ব্যানারের কয়েকটি আওয়ামী লীগের কে বা কারা ছিঁড়ে ফেলে। এ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ইত্যাদি বাজারের সামনে এই ঘটনা ঘটে। তবে নিউইয়র্ক সিটির বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।
উল্লেখ্য যে, দীর্ঘ বিশ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্য সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হন তিনি। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তবে স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের। তাদেরকে স্বাগত জানাবেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এবার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর স্মরণীয় করে রাখতে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন ধরনের পোস্টার ও ব্যানার লাগিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তাছাড়া গত এক মাস ধরে বিভিন্ন রকম প্রস্তুতি সভা করেছেন। অন্যদিকে তারেক রহমানের সফর ঠেকাতে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র প্রবাসী নেতাকর্মীরাও কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রোববার বিকেলে জ্যাকসন হাইটসের ইত্যাদি বাজারের সামনে একটি ব্যানার ছিঁড়ে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ। এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ কয়েকজন।
যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদ জানান, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দুই ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি স্লোগান চলে।
অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ, যুবলীগ নেতা মিজানসহ আরো অনেকে। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, তারা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এমনকি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তারা বাইরে বিক্ষোভ প্রদর্শন করবেন।
স্থানীয় সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার সাঁটায় যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কিন্তু রোববার আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ওই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং একপর্যায়ে তা ব্যাপক উত্তেজনা তৈরি করে।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। সেজন্য আমার নেতৃত্বে নিউইয়র্ক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করি। অন্যদিকে আওয়ামী লীগও বিক্ষোভ করতে থাকে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে নিউইয়র্ক সিটি পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।