ট্রেনের ধাক্কায় গাড়িতে থাকা আর্সেনালের সাবেক গোলরক্ষকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৬, ২২:৪৪

দুর্ঘটনায় মারা গেছেন আর্সেনালের সাবেক গোলরক্ষক অ্যালেক্স ম্যানিঙ্গার। একটি ট্রেন তাকে বহন করা গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অস্ট্রিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে সালজবুর্গের কাছে একটি লেভেল ক্রসিংয়ে প্রাণ হারান ম্যানিঙ্গার।
১৯৯৭ থেকে ২০০২ সালের মধ্যে আর্সেনালের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন ৪৮ বছর বয়সী সাবেক এই ফুটবলার। এছাড়া অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে ২০০৮ ইউরোসহ ৩৩টি ম্যাচ খেলেছেন তিনি।
পুলিশ সূত্রে বিসিবি জানিয়েছে, ট্রেন গাড়িটিকে বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায়, এ সময় ম্যানিঙ্গার একাই ছিলেন গাড়িতে। তার মৃত্যুতে অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর পিটার শটেল শোক জানিয়ে বলেছেন, ম্যানিঙ্গার মাঠে এবং মাঠের বাইরে অস্ট্রিয়ান ফুটবলের একজন অসামান্য দূত ছিলেন।
আর্সেনালে থাকার সময় ম্যানিঙ্গার মূলত ডেভিড সিম্যানের বিকল্প হিসেবে খেলতেন। তবে ১৯৯৭-৯৮ মৌসুমের শেষের দিকে ইংল্যান্ডের এই গোলকিপার চোটে পড়লে তিনি দলের হাল ধরেন। ১৯৯৮ সালের মার্চে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।