
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালির অবরোধ এলাকায় ইরানের কোনো “ফাস্ট অ্যাটাক শিপ” প্রবেশ করলে তা “তাৎক্ষণিকভাবে ধ্বংস” করা হবে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দাবি করেন, ইরানের নৌ সক্ষমতার বড় অংশ ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে এবং এখন সীমিত সংখ্যক ছোট ও দ্রুতগতির নৌযানই অবশিষ্ট রয়েছে।
তিনি আরও লেখেন, যেসব ছোট দ্রুতগতির নৌযানকে ইরান “ফাস্ট অ্যাটাক শিপ” বলে উল্লেখ করে, সেগুলোকে আগে তেমন হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি, তবে এখন সতর্কবার্তা দেওয়া হয়েছে যে অবরোধ এলাকায় এগুলো নিকটবর্তী হলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে দ্রুত ও কঠোর।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সোমবার সকাল থেকে ইরানের পারস্য উপসাগর ও ওমান উপসাগরীয় অঞ্চলের সব বন্দরে যাতায়াতকারী জাহাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে একটি বিস্তৃত নৌ অবরোধ কার্যক্রম শুরু হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে, এই ব্যবস্থা সব দেশের জাহাজের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে, তবে আন্তর্জাতিক বাণিজ্য রক্ষায় হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য গন্তব্যে যাওয়া জাহাজের চলাচল বজায় রাখা হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালির মধ্য দিয়ে বৈশ্বিক তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এ কারণে এই অঞ্চলে যে কোনো উত্তেজনা বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন।
সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরোপ, টোল আদায় এবং চলাচলে বিধিনিষেধের অভিযোগও সামনে এসেছে, যা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ তৈরি করেছে। চলমান এই পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।