নিউইয়র্কে যুদ্ধ ও অস্ত্র বিক্রির বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তার ৯০

ডেস্ক রিপোর্ট
  ১৪ এপ্রিল ২০২৬, ১৯:২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যুদ্ধ ও ইসরায়েলের প্রতি মার্কিন অস্ত্র সহায়তার বিরুদ্ধে এক বড় ধরনের বিক্ষোভে প্রায় ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। আন্দোলনকারীরা মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং সিনেটর কিরস্টেন গিলিব্র্যান্ডের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ইসরায়েলের কাছে বোমা বিক্রির সিদ্ধান্ত বন্ধের দাবি জানান।
বিক্ষোভকারীরা প্রথমে ভবনের ভেতরে প্রবেশ করে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিলে তারা বাইরে রাস্তায় নেমে এসে যান চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন—‘ফান্ড পিপল, নট বোম্বস’।
পুলিশ জানায়, বিক্ষোভ থেকে মোট প্রায় ৯০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য আলেক্সা আভিলেস।
আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্সের একটি প্রস্তাবের প্রতি সমর্থন জানান, যেখানে ইসরায়েলের কাছে নতুন করে শত শত মিলিয়ন ডলারের বোমা বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছে।
আয়োজক সংগঠন জিউইশ ভয়েস ফর পিস বলেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ঘটনায় এখনো পর্যন্ত মার্কিন সিনেটর শুমার ও গিলিব্র্যান্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।