
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, বাইডেনের মেয়াদকালে অটোপেন ব্যবহার করে নির্বাহী আদেশ ও অন্যান্য সরকারি নথিতে স্বাক্ষর করা হয়েছে, যা তিনি অবৈধ বলে দাবি করেন।
১৭ জানুয়ারি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অটোপেনের মাধ্যমে স্বাক্ষরিত নথিগুলোর আর কোনো আইনগত কার্যকারিতা নেই। তিনি দাবি করেন, অটোপেন পরিচালনাকারী ব্যক্তি জানতেন না প্রেসিডেন্ট বাইডেন এসব সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন কি না, এবং এ বিষয়ে কোনো লিখিত আদেশও ছিল না।
ট্রাম্প তার পোস্টে আরও বলেন, এই কাজটি অবৈধভাবে সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জড়িত ছিলেন বলে তিনি মনে করেন। এর আগে ট্রাম্প অটোপেন ব্যবহার করে জারি করা নির্বাহী আদেশ ও ক্ষমা ঘোষণাগুলোকে বাতিলযোগ্য বলে উল্লেখ করেছিলেন। সর্বশেষ পোস্টে তিনি সংশ্লিষ্টদের গ্রেপ্তার এবং সম্ভাব্য ফৌজদারি বিচারের দাবি জানান। তিনি বলেন, এ বিষয়ে “মূল্য দিতে হবে”।
পোস্টের শেষাংশে ট্রাম্প আবারও ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন এবং নির্বাচনটি “রিগড” ছিল বলে দাবি করেন। এ বিষয়ে হোয়াইট হাউস বা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।