
সুনামগঞ্জের দিরাইয়ে দুই গ্রামে পৃথক সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ছাদিরপুর গ্রামের হামিদ মিয়ার গ্রুপ ও হুসেন মিয়ার গ্রুপের মধ্যে ধান শুকানোর খোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে হুসেন মিয়ার গ্রুপের আহাদ নুর নামের একজনের মৃত্যু হয়।
অপরদিকে, রফিনগর গ্রামের শফিক মিয়া ও আশরাফ মিয়ার লোকজনের মধ্যে হাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিনের (৫৫) মৃত্যু হয়।
আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গিয়াস উদ্দিন ও আহাদ নুরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি এনামুল হক চৌধুরী জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন, পরিস্থিতি শান্ত রয়েছে।