বগুড়া-৬ উপনির্বাচনে সা‌ড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

ডেস্ক রিপোর্ট
  ০৯ এপ্রিল ২০২৬, ১৪:১৪


বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চল‌ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই আসনের ১৫০টি কেন্দ্রে ‌ভোট প‌ড়ে‌ছে ২০ শতাংশ বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন। 
তিনি বলেন, ‍“আমরা ১২টার দিকে যে রিপোর্ট পেয়েছি, তাতে দেখা যাচ্ছে বগুড়া সদরে গড়ে প্রায় ২০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। তবে, পৌরসভার তুলনায় ইউনিয়নগুলোতে ভোটের হার বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থি‌তি বাড়‌তে পা‌রে এমনটি ধারণা করছেন তি‌নি।
আছিয়া খাতুন ব‌লেন, “ভোট কেন্দ্রগু‌লো‌তে বড় ধরনের কোনো সমস্যা আমরা পাইনি। টুকটাক কিছু অভিযোগ এসেছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে।”
এই আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াত ইসলামীর আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
নির্বাচন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা।
আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, আট প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন র‍্যাব। পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও রয়েছে।
বগুড়া-৬ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাঁচটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
এই আসনটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিপুল ভোটে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসন‌টি ছে‌ড়ে দেন। ফলে আসন‌টি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।