ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  ১৪ এপ্রিল ২০২৬, ২৩:০৬
আপডেট  : ১৪ এপ্রিল ২০২৬, ২৩:৩২


টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকাল ৪টা ৫৫ মিনিটে শহরের সন্তোষে ভাসানী মাজার পৌঁছে ভাসানীর আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় দোয়া করেন তিনি।
প্রধানমন্ত্রী ভাসানীর ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন। পরে তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বৈশাখী উৎসবে যোগদান করেন তিনি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান, ডাক টেলিযোগাযোগ ও আইসিটিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সংসদ সদস্য রবিউল আওয়াল, জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।