
হবিগঞ্জে ব্রাজিল বনাম আর্জেন্টিনা নাম দিয়ে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় জানায়, মঙ্গলবার বিকালে কাশিপুর গ্রামে দুদল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল টিম নাম দিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে ব্রাজিল পরাজিত হয়। এরপর আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ উল্লাস শুরু করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাতে এলাকার মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।