
দুবাইয়ে গ্রেফতার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তার গ্রেফতারের খবর সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ সময় সরকারি দলের সংসদ সদস্যসহ বিরোধীদলের সংসদ সদস্যরাও টেবিল চাপড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অভিবাদন জানান।
রোববার (১৪ জুন) দুপুরে সংসদে এমন ঘটনা দেখা গেছে।বেনজিরের গ্রেফতারের খবর জানানোর পর আরেকটি খবর জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়া যায়। যেহতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে বলতে পারবো? ২ মিনিট সময় লাগবে।
এ সময় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, যদি এরকম গ্রেট নিউজ থেকে থাকে। যেমন ধরেন সাধারণত স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাঁড়ান তখন একদিক থেকে টেবিল চাপড়ানো আসে। কিন্তু আজকে দেখলাম ক্রস দ্য পার্টি লাইন, সবাই আপনাকে উৎসাহ দিচ্ছেন কথা বলার জন্য। সুতরাং আমরা অনেক আনন্দিত, এটা একটা বড় খবর, বাংলাদেশের জন্য। এখন এরকম যদি আরেকটা বড় খবর থাকে অবশ্যই আপনি বলতে পারেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার এই বিষয়ে মনে হয় আমার এইদিকেই তালি হবে। ওইদিকে তালি হবে এই নিশ্চয়তা দিতে পারছি না।
জাতীয় সংসদ অধিবেশনে বেনজীর আহমেদকে গ্রেফতারের প্রক্রিয়াটি বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেফতারের বিষয়টি আমি মহান জাতীয় সংসদকে অভিহিত করছি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য ঢাকার পুলিশ হেডকোয়ার্টারস ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) আবেদন করেছিল। ২০২৫ সালের ১১ এপ্রিল এ আবেদন পাঠানো হয়েছিল। আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল ২০২৫ বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিস জারি করে। উক্ত রেড নোটিসের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে তাকে গ্রেফতারের জন্য।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি, যে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায়, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এই মহান সংসদকে আরও অভিহিত করছি, ইন্টারপোলের এনসিবি থেকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট (প্রত্যর্পণের আবেদন) প্রেরণ করতে হবে। বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে পুলিশ ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলোআপ কার্যক্রম সম্পন্ন করছে।