৪৮ দেশের পতাকায় সেজেছে ত্রিশালের গ্রামীণ সড়ক

ডেস্ক রিপোর্ট
  ১৫ জুন ২০২৬, ১৩:০৬


ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের একটি গ্রামীণ সড়ক ৫২টি জাতীয় ও আন্তর্জাতিক পতাকায় সাজিয়ে তুলেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। মোক্ষপুরের কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার সড়কের দুই পাশে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশসহ বাংলাদেশ ও ফিফার পতাকা টাঙানো হয়েছে।
রঙিন পতাকার সারিতে মনোমুগ্ধকর পরিবেশে বিশ্বকাপের আবহ উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের শহর থেকে আসা দর্শনার্থীরা। সড়কের দুই পাশে উড়তে থাকা পতাকা সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়া প্রেমের এক অনন্য বার্তা দেয়।
ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোক্তা ফুটবলপ্রেমী মো. মনিরুজ্জামান সোহাগ বলেন, ‘বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এ আয়োজন করেছি। এখানে বাংলাদেশের দুটি জাতীয় পতাকা, ফিফার দুটি পতাকা এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা টানানো হয়েছে। পাশাপাশি রাতে বড় পর্দায় খেলা উপভোগের জন্য টেলিভিশন ও প্রজেক্টরের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সবাই একসঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেন।’
স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের গ্রামে নতুন মাত্রা যোগ করেছে। তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে। পাশাপাশি এটি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
স্থানীয়রা জানায়, গ্রামীণ জনপদে এমন ব্যতিক্রমী উদ্যোগ শুধু বিশ্বকাপের উন্মাদনাই নয়, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। পতাকার রঙে রঙিন এ সড়ক এখন ত্রিশালের ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।