
বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এর মধ্যে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও জাহাজটি প্রণালি পার হতে পারেনি।
এবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সইয়ের পর বৃহস্পতিবার জাহাজটি শারজাহ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে; যা হরমুজ প্রণালির ৮০ নটিক্যাল মাইলের মধ্যে রয়েছে। প্রায় সাড়ে তিন মাস ধরে পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজটিতে বর্তমানে ৩৭ হাজার ৫০০ মেট্রিক টন সার রয়েছে।
হরমুজ প্রণালি পাড়ি দিতে পারলে ‘এমভি বাংলার জয়যাত্রা’ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দরে ভেড়ে। পরদিন ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হয়। এরপর থেকে জাহাজটি পারস্য উপসাগরেই আটকে আছে।
এর মধ্যে একাধিকবার প্রণালি পাড়ি দেওয়ার উদ্যোগ নিয়ে চ্যানেলের কাছাকাছি অবস্থান নিলেও তা সফল হয়নি। রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানির অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে। জাহাজে থাকা ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি।
যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোন ও মিসাইলের আনাগোনার মধ্যে ‘বাংলার জয়যাত্রার’ নাবিকরা উদ্বেগ নিয়ে দিন পার করে আসছেন। হরমুজ প্রণালি পাড়ি দিতে বর্তমানে প্রায় সাড়ে পাঁচশ জাহাজ অপেক্ষায় রয়েছে।
বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হরমুজ প্রণালি পুরোপুরি সচল হতে ৩-৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সেই সময়ে আবার সমঝোতা স্মারক স্বাক্ষরকারী পক্ষগুলোর মধ্যে অবস্থান কী হয়, সেটা দেখার বিষয়।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালির এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন জাহাজের নাবিক ও ক্রুরা। বাংলার জয়যাত্রাসহ হরমুজ প্রণালিতে থাকা ৭টি জাহাজে বাংলাদেশি প্রায় একশ নাবিক আছেন। তারা দীর্ঘদিন ধরে এখানে থাকায় তাদের মানসিক অবস্থা কতটা বিপর্যস্ত, তা সহজেই অনুমান করা যায়। আমরা নিয়মিত সব জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখছি।
বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক বলেন, বাংলার জয়যাত্রা বৃহস্পতিবার হরমুজ প্রণালির কাছাকাছি এসে অপেক্ষায় আছে। চ্যানেল পার হওয়ার অনুমতি পেলে অতিক্রম করবে। চ্যানেল পার হতে আইআরজিসি (ইরানের বিপ্লবী গার্ড বাহিনী) এবং ইরানি নৌবাহিনীর অনুমোদন লাগবে। জাহাজের নাবিকদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তারা সবাই ভালো আছেন।