মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের প্রতীক 'শিখা অনির্বাণ' বন্ধ

ডেস্ক রিপোর্ট
  ০১ জুলাই ২০২৬, ১২:৫৮

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অদম্য সাহস ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক হিসেবে ঢাকা সেনানিবাসে স্থাপিত স্মৃতিস্তম্ভ 'শিখা অনির্বাণ'-এর শিখাটি জ্বালানো বন্ধ রাখা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের মিতব্যয়িতা কর্মসূচির অংশ হিসেবে গত দোসরা মে থেকে এটি মূলত বন্ধ রাখা হয়েছে।
গত কয়েক দিন ধরে এই প্রতীকী শিখাটি নিভিয়ে রাখার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
এক প্রশ্নের জবাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিউ এইজকে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিতিশীলতা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বেশ কিছু মিতব্যয়িতা ও জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে।
এসব পদক্ষেপের অংশ হিসেবে গত দোসরা মে থেকে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ আর অবিরাম জ্বালিয়ে রাখা হচ্ছে না বলে জানিয়েছে আইএসপিআর।