৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে গুলি

ডেস্ক রিপোর্ট
  ১১ আগস্ট ২০২৬, ২১:১৪

৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে চট্টগ্রামের পাঁচলাইশে এক প্রবাসীর বাড়ির মূল ফটক লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। হোয়াটসঅ্যাপে চাঁদা দাবির নম্বর ব্লক করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় হাজী মোহাম্মদ ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘ ৪০ বছর সৌদি আরবে ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তার বড় ছেলে মোহাম্মদ শওকত দুবাইপ্রবাসী।
ভুক্তভোগী ইউসুফ জানান, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তার ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস মেসেজ আসে। ওই ব্যক্তি কাতার থেকে যোগাযোগ করছেন দাবি করে তাদের সহায়-সম্পত্তির হিসাব উল্লেখ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি হলে পরবর্তী ঠিকানা জানানো হবে বলেও মেসেজে বলা হয়। তবে শওকত নম্বরটি ব্লক করে দেন।
ভুক্তভোগী হাজী মোহাম্মদ ইউসুফ জানান, রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে দুজন যুবক নিরাপত্তারক্ষীকে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে ফটক বন্ধ করতে বাধ্য করে। এরপর ফিরে আসার সময় গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় দূরে তাদের সঙ্গে সম্ভবত একটি যানবাহন অপেক্ষা করছিল বলেও জানান তিনি।
জানা গেছে, হাজী মোহাম্মদ ইউসুফ স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেফতার হওয়া আজিজ বর্তমানে কারাগারে। এছাড়া ইউসুফের পরিবার হুন্ডি ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্ধকারের সুযোগ নিয়ে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তবে পুলিশের একটি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে হুন্ডি ব্যবসা ও আর্থিক লেনদেন-সংক্রান্ত কোনো বিরোধের জেরেও এ হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে চাঁদা না পেয়ে বিভিন্ন বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের অভিযোগ বেড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি চন্দনপুরায় ৫ কোটি টাকা চাঁদা দাবির পর সাবেক এক এমপির বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ ওঠে। ১৩ জুলাই বাকলিয়ায় এক ইন্টারনেট অফিসে এক কোটি টাকা চাঁদার দাবিতে হামলা ও তাণ্ডবের ঘটনা ঘটে।
এছাড়া ২৬ জুলাই হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে একটি নির্মাণাধীন ভবনে গুলিবর্ষণের অভিযোগ পাওয়া যায়।
এসব ঘটনার পেছনে বিদেশে পলাতক সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ বাহিনীর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা-ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে।