
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানায় ঢাকার চীনা দূতাবাস।
বার্তায় দূতাবাস বলেছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।’
চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশ-চীন কমিউনিটি গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত দেশটি, যাতে দুই দেশ ও দুই জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা যায়।
এদিকে, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনও বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে।
এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন বলেছে, ‘মাননীয় রাষ্ট্রপতি ফখরুল এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা করে যুক্তরাজ্য।’